👁 373 Views

মুরাদনগরে ট্রিপল হত্যা মামলায় ৮ আসামি কারাগারে

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে ট্রিপল হত্যা মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে গত রোববার (১৩ই জুলাই) কারাগারে পাঠানো হয়েছে।

            সেদিন দুপুরে আসামিদের কুমিল্লার আমলি আদালত-১১ হাজির করা হলে বিচারক মমিনুল হক তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নয়ন কুমার চক্রবর্তী।

            গ্রেপ্তার ৮ আসামি হলেন- ইউপি সদস্য বাচ্চু মিয়া, রবিউল আউয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, সবির আহমেদ ও নাজিমউদ্দীন বাবুল।

            এর আগে ৭ই জুলাই ডিবি পুলিশের পক্ষ থেকে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৯ই জুলাই ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

            জেলা ডিবি সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও যেসব ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

            আদালতের পরিদর্শক সাদিকুর রহমান জানান, ৮ আসামির কেউ এখনও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

            নিহত রুবি বেগমের বড় মেয়ে রিক্তা আক্তার বলেন, ঘটনার পর পুলিশ আমাদের বাড়ির প্রতিটি ভবনে তালা লাগিয়ে দিয়েছে। প্রতিদিন লোকজন দেখতে এলেও আমরা ঢুকতে পারছি না। পুলিশ আর কয়দিন নিরাপত্তা দেবে? আমরা চাই, ইউপি চেয়ারম্যান শিমুল বিল­ালকে আটক করা হোক, তাহলে সব নাম বেরিয়ে আসবে।

            উল্লেখ্য, গত ৩রা জুলাই সকালে কড়ইবাড়ি গ্রামে একটি মোবাইল ফোন চুরি ও মাদক ব্যবসার অভিযোগ তুলে স্থানীয় কিছু ব্যক্তি ‘মব’ তৈরি করে রোকসানা বেগম ওরফে রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকিকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহতের আরেক মেয়ে রুমা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন।

            দুই দিন পর নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল­ালসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের দায়িত্ব নেয় ডিবি পুলিশ।

            ডিবি’র ওসি আব্দুল্লাহ বলেন, রিমান্ডে আসামিদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখন প্রকাশ করা যাচ্ছে না। চেয়ারম্যান শিমুল বিল­ালসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *