👁 322 Views

যুক্তরাষ্ট্রসহ ৫ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার সম্মতি পেয়েছে ইসি

যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম শুরু করার অনুমোদন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৯ জুলাই) ইসিকে লিখিত সম্মতি প্রদান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাকেরা আহমেদের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, “যুক্তরাষ্ট্র (লস অ্যাঞ্জেলেস), মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা এবং ওমানে ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডি সরবরাহ কার্যক্রম চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

এর আগে গত ২ জুলাই, ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকার প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন ও এনআইডি প্রদানের জন্য পররাষ্ট্র সচিব বরাবর চিঠি পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র সরবরাহের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডায় এ কার্যক্রম চালু রয়েছে।

নতুন করে অনুমোদন পাওয়া পাঁচ দেশসহ এখন পর্যন্ত ১৪টি দেশে কার্যক্রম শুরু হলো। বাকি ২৬টি দেশের মধ্যে রয়েছে— বাহরাইন, লেবানন, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস।

চিঠিতে আরও জানানো হয়, জাপানে ইতোমধ্যে ২৫ মে ভোটার নিবন্ধনের অনুমোদন মিলেছে এবং ১৫ জুলাইয়ের মধ্যে কার্যক্রম শুরু হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, “প্রথম ধাপে আটটি দেশে কার্যক্রম শুরু করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।”

ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে নয়টি দেশে (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা) এ কার্যক্রম চালু রয়েছে। এসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৭,০৩২ জন প্রবাসী আবেদন করেছেন, যাদের মধ্যে ২৯,৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং ২০,৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৩,৬৭৭টি আবেদন বাতিল করা হয়েছে।

এই উদ্যোগের ফলে প্রবাসে অবস্থানরত লাখো বাংলাদেশি নাগরিকের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং এনআইডি প্রাপ্তি সহজ হবে বলে আশা করা হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *