👁 29 Views

যেকোনো মুহূর্তে কারামুক্ত হচ্ছেন মির্জা ফখরুল-আব্বাস

যেকোনো মুহূর্তে কারামুক্ত হচ্ছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 
গত রোববার আপিল বিভাগ বিএনপি’র দুই নেতার জামিন বহাল রাখার প্রেক্ষিতে এখন হাইকোর্টের এই জামিননামা (বেইল বন্ড) বিচারিক আদালত হয়ে কারাগারে যেতে কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া শেষ হলে যেকোনো মুহূর্তে তারা কারামুক্ত হবেন।

উল্লেখ্য, উক্ত বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো: জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ, মেহেদী হাছান চৌধুরী সঙ্গে ছিলেন। এর আগে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা মামলায় গত ৩রা জানুয়ারি মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। সেইসঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করা হয়।


প্রসঙ্গত: গত ৭ই ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন এবং পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর রাতের বেলা পুলিশ দলীয় কার্যালয়ে অভিযান চালায়। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক ৪টি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতাকর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে ৭২৫ জনের। সেখানে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না। ৮ই ডিসেম্বর গভীর রাতে নিজ নিজ বাসা থেকে মির্জা ফখরুল ও আব্বাসকে তুলে আনে ডিবি পুলিশ। দু’জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। পরদিন তাদের পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *