👁 405 Views

যেভাবে সাজানো হলো ঈদ ‘ইত্যাদি’

অন্যান্য বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। এবার পুরো আয়োজন ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এবারও শুরুটা হচ্ছে- ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। গত তিন দশক ধরেই হাজার হাজার মানুষ নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে এই গানটি পরিবেশন করে আসছে।

একসময় এই গানটি অবহেলিত থাকলেও এখন ঈদের সময় সব চ্যানেলেই এই গানটিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ধারাবাহিকতায় এবারে এই গানটি পরিবেশন করবেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পীদের সঙ্গে এই প্রজন্মের প্রায় ৩৫ জন শিল্পী। এছাড়াও নৃত্যে-ছন্দে-আনন্দে দুই শতাধিক শিক্ষার্থী একই রকম পোশাক ও রঙবেরঙের উপকরণ নিয়ে এই গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন। সবার সম্মিলিত বর্ণিল পরিবেশনা ও হাজার হাজার দর্শকের অংশগ্রহণে পুরো স্টেডিয়ামে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদি। এবারের ‘ইত্যাদি’তে গাইবেন এই প্রজন্মের ক’জন জনপ্রিয় শিল্পী।

‘জীবনের সব সুখ’ শিরোনামে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান এবং তাসনিয়া ফারিণ। এবারের আসরে ফোক ও আধুনিক এই দুই ধারার সমন্বয়ে তৈরি একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। গানটিতে এই দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ৮ জন তরুণ বিট বক্সার। এবারের নাচের বিষয় সেকাল আর একালের বিয়ে। নাচটি পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। দুটি ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে এবার। একটিতে চার জন অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম ও আল মামুন। আরেকটি মিউজিক্যাল ড্রামায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন।

একটি মজাদার নাটিকায় অংশ নিয়েছেন মীর সাব্বির ও নাসির উদ্দিন খান। এই দুই অভিনেতার মনোজ্ঞ ও রসালো অভিনয়ে ফুটে উঠেছে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার বিভিন্ন সমস্যা। তথাকথিত ভাইরাল সেলিব্রেটিদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে ‘ইত্যাদি’র মঞ্চে দর্শকদের সামনে নির্মিত একটি নাটিকায় অভিনয় করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক’জন নাট্যপ্রেমী শিক্ষার্থী, আর এই পর্বটি তানিয়া আহমেদ পরিচালনা করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *