

নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা জেলা পর্যায়ে জনবান্ধব সেবা, পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃশিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপজেলা হিসেবে লাকসাম উপজেলা এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে আজগরা ইউনিয়ন পরিষদ (ইউপি) সম্মাননা স্মারক অর্জন করেছে।
গত সোমবার (১৩ই জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে লাকসাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিমুল হোসাইন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামরুল হাসান রিয়াদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াছিন আরাফাত এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সুশাসন ও জনসেবার মানোন্নয়নে লাকসাম উপজেলা ও আজগরা ইউনিয়ন পরিষদ উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন, মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণে লাকসাম উপজেলা ও আজগরা ইউনিয়ন পরিষদের অবদান জেলার জন্য অনুকরণীয়। এ স্বীকৃতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল কর্মকান্ডের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে আরো কার্যকর জনসেবা নিশ্চিত করতে উৎসাহ জোগাবে।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক গ্রহণ করেন, লাকসাম উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নার্গিস সুলতানা এবং আজগরা ইউনিয়ন পরিষদের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক স্বপন কুমার শর্মা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক প্রদান করেন।