
নিজস্ব প্রতিনিধি\ গত শনিবার (১১ই জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। মন্ত্রী তাঁর বক্তব্যে বন্যাকবলিত এলাকার কৃষকদের আশ্বস্ত করে বলেন, দেশের যেসব এলাকায় কৃষকরা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সঠিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা সম্পন্ন হওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত মৎস্য, সবজি, ধান, নারিকেল, সুপারি ও পান চাষিসহ সব ধরনের কৃষকদের প্রয়োজনীয় আর্থিক ও উপকরণ সহায়তা দেয়া হবে।
মন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বৃক্ষরোপণের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি কুমিল্লার পরিবেশ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে মেলায় আসার আহŸান জানিয়ে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ লাগানোর অনুরোধ করেন।
এর আগে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কৃষিমন্ত্রী মেলার বিভিন্ন ফলজ ও বনজ গাছের স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
কুমিলা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আগামী ১৭ই জুলাই পর্যন্ত প্রতিদিন সর্বস্তরের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।