ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১,৫৯৩

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ। বয়সভিত্তিক হিসাবে মৃতদের মধ্যে ৩৬ থেকে ৪০ বছর বয়সী দুজন রয়েছেন। এ ছাড়া ২১-২৫, ৩১-৩৫, ৫১-৫৫, ৫৬-৬০ এবং ৭১-৭৫ বছর বয়সী একজন করে মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ বেশি

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৩ জনের মধ্যে ১ হাজার ৪ জন পুরুষ এবং ৫৮৯ জন নারী

বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী রোগীরা। এই বয়সী নতুন রোগীর সংখ্যা ২৫৩ জন

বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বাদে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে নতুন করে ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, বরিশাল বিভাগে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে আক্রান্ত ৫৫ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫৫ হাজার ১৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ৩৪ হাজার ৩১১ জন পুরুষ, যা মোট আক্রান্তের ৬২ দশমিক ৫ শতাংশ। নারী রোগীর সংখ্যা ২০ হাজার ৬১১ জন, অর্থাৎ ৩৭ দশমিক ৫ শতাংশ।

একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। মৃতদের মধ্যে নারী ৮৬ জন এবং পুরুষ ৭৮ জন। মোট মৃত্যুর হিসাবে নারীর হার ৫২ দশমিক ৪ শতাংশ এবং পুরুষের হার ৪৭ দশমিক ৬ শতাংশ।

হাসপাতালে ভর্তি ৪ হাজারের বেশি

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৫০ হাজার ৯৪১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ১ হাজার ৫৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৫৮ জন ডেঙ্গু রোগী।

সেপ্টেম্বরে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের আগস্টে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ। ওই মাসে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং মৃত্যু হয় ৪৩ জনের

তবে সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩১৭ জনে। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। ফলে চলতি মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে।

কোন এলাকায় কত রোগী

বছরের শুরু থেকে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৯ হাজার ১১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ হাজার ৭০১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬ হাজার ৩৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭ হাজার ৯২৯ জন, খুলনা বিভাগে ৮ হাজার ৯৬৩ জন এবং বরিশাল বিভাগে ৭ হাজার ৮৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত্যুর হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এখানকার হাসপাতালগুলোতে এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *