
৫১তম বিসিএস সাধারণ নাকি বিশেষ—এ নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনো কোন ধরনের বিসিএসের বিজ্ঞপ্তি আগে প্রকাশ করবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
পিএসসির পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর একই সময়ে ৫১তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি ছিল। তবে সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট মোকাবিলায় ৫ হাজার চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি কিছুটা বদলে গেছে।
সরকারের পক্ষ থেকে ৪ হাজার ৭০০ সহকারী সার্জন ও ৩০০ ডেন্টাল সার্জন নিয়োগের চাহিদাপত্র পিএসসিতে পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিশেষ বিসিএস আয়োজনের প্রাথমিক প্রশাসনিক কার্যক্রমও শুরু করেছে কমিশন।
এখন মূল প্রশ্ন হলো—চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আগে প্রকাশ হবে, নাকি সাধারণ ক্যাডারের ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি আগে আসবে। পিএসসি জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষ হওয়ার পর কমিশনের বোর্ড সভায় বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিয়ম অনুযায়ী, যে বিসিএসের বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে আগে প্রকাশিত হবে, সেটিই ৫১তম বিসিএস হিসেবে গণ্য হবে। ফলে সাধারণ বিসিএসের অপেক্ষায় থাকা প্রার্থীদের পাশাপাশি চিকিৎসকরাও এখন পিএসসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।
বিশেষ বিসিএসের ক্ষেত্রে সাধারণত নিয়োগপ্রক্রিয়া তুলনামূলক দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। লিখিত পরীক্ষার পরিবর্তে নির্দিষ্ট কাঠামোয় প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ শেষ করার সুযোগ থাকায় চিকিৎসকদের দ্রুত সরকারি চাকরিতে নেওয়ার উদ্যোগটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।