
অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকার সময় দলটির নেতারা রাষ্ট্রীয় কোষাগার ও জনগণের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন।
রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, দেশের জন্য আসা বিদেশি সহায়তার অর্থসহ বিভিন্ন সরকারি সম্পদ অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকেও অর্থ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফিলিপাইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বাংলাদেশে জড়িতদের যথাযথ বিচার হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতির সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ঘুষ, লুটপাট ও অনিয়মের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বছরের পর বছর মানুষ বিভিন্ন অপরাধ ও দুর্নীতির বিচার দাবি করলেও অনেক ক্ষেত্রেই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গড়ার অভিযোগ তুলে স্পিকার বলেন, দেশের মানুষের অর্থ লুট করে তা বিদেশে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে বিপুল সম্পদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, লন্ডন, দুবাই ও যুক্তরাষ্ট্রে তাঁর বিপুলসংখ্যক বাড়ি রয়েছে। এসব সম্পদের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রশাসনের ভেতরে এখনো আওয়ামী লীগ সরকারের সময়ের কিছু কর্মকর্তা রয়েছেন বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, এর কারণে অতীতের অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র পুরোপুরি জনসমক্ষে আসতে বিলম্ব হচ্ছে।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও বক্তব্য দেন স্পিকার। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে বাংলাদেশের মানুষের স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় তিনি বিভিন্ন চুক্তি ও বাণিজ্যিক সুবিধা নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ করেন।
চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতীয় পণ্যবাহী জাহাজ এলে অন্য জাহাজের তুলনায় অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি মনে করেন। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ী ও আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের ক্ষেত্রেও পর্যাপ্ত শুল্ক আদায় হচ্ছে না বলে অভিযোগ করেন স্পিকার। তাঁর দাবি, কখনো বিনা শুল্কে, আবার কখনো নামমাত্র শুল্কে পণ্য পরিবহনের সুযোগ দেওয়ার ফলে দেশের ব্যবসায়ীরা প্রতিযোগিতায় ক্ষতির মুখে পড়ছেন এবং রাষ্ট্র রাজস্ব হারাচ্ছে।
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহত হওয়ার ঘটনাও তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সীমান্তে নিয়মিত প্রাণহানির ঘটনা ঘটছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য দেন দলটির স্থানীয় নেতারা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।