দলীয় ঐক্য থাকলে নির্বাচনে কেউ বাধা হতে পারবে না: সমাজকল্যাণমন্ত্রী

 দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কোনো পক্ষই বিএনপির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার বিকেলে নীলফামারী সার্কিট হাউসে জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি কিংবা পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করলে সাধারণ মানুষের আস্থা অর্জন করা সম্ভব নয়। জনগণের সমর্থন পেতে হলে দলের নেতা-কর্মীদের একই অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের আচরণ, বক্তব্য ও কর্মকাণ্ডে এমন শৃঙ্খলা থাকতে হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি আস্থা তৈরি হয়।

তিনি বলেন, বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার রাজনীতি করে। দলের আদর্শ ও রাজনীতিতে যারা বিশ্বাস করেন, তাদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও যারা দলের সঙ্গে থেকেছেন, আত্মসমর্পণ করেননি এবং ষড়যন্ত্রকারীদের সঙ্গে আপস করেননি—এমন পরীক্ষিত নেতা-কর্মীদের নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

নেতা-কর্মীদের ধৈর্য, নেতৃত্বের প্রতি আনুগত্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, দীর্ঘদিনের ত্যাগ ও জনগণের সমর্থনের কারণেই বিএনপি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। রাজনৈতিক লড়াইয়ে সফল হতে হলে সততা এবং নেতৃত্বের প্রতি দৃঢ় আনুগত্য অপরিহার্য।

অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল পারভেজ, মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব উর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *