পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

কাগজের ব্যবহার কমিয়ে সংসদীয় কার্যক্রমকে আরও দ্রুত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংসদের নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও তথ্য আদান-প্রদান ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদকে পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে ই-পার্লামেন্ট সিস্টেমের ওপর বিস্তারিত একটি প্রেজেন্টেশন আয়োজনের নির্দেশ দেন স্পিকার। প্রেজেন্টেশনে প্রস্তাবিত ব্যবস্থার কার্যপদ্ধতি, প্রযুক্তিগত সক্ষমতা, বাস্তবায়ন কাঠামো ও সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরা হবে।

আলোচনায় বলা হয়, ই-পার্লামেন্ট চালু হলে সংসদের বিভিন্ন নথি ও কার্যক্রম ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আসবে। বাংলা ও ইংরেজি—দুই ভাষায় ব্যবস্থাটি পরিচালনার সুযোগ থাকবে। এতে সংসদীয় নথি দ্রুত খুঁজে পাওয়া, সংরক্ষণ ও সংশ্লিষ্টদের মধ্যে আদান-প্রদান আরও সহজ হবে।

ই-পার্লামেন্ট বাস্তবায়নের জন্য ডেপুটি স্পিকারকে চেয়ারম্যান করে একটি কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছেন স্পিকার। এই কমিটি প্রস্তাবিত সিস্টেমের কাঠামো, প্রযুক্তিগত অবকাঠামো, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রমের বিষয়ে সুপারিশ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ই-পার্লামেন্ট চালু হলে সংসদের কার্যক্রমে গতি ও দক্ষতা বাড়ার পাশাপাশি কাগজের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যয় ও সময় সাশ্রয় হবে এবং সংসদীয় বিভিন্ন কার্যক্রমে সমন্বয় আরও কার্যকর হবে।

প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইউএনডিপি, দাতা দেশ ও বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরবর্তী ধাপে এসব সংস্থার সহযোগিতা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, ই-পার্লামেন্ট বাস্তবায়ন শুধু সংসদের নথি ডিজিটাল করার উদ্যোগ নয়; বরং সংসদীয় কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে একটি দক্ষ, দ্রুত ও পেপারবিহীন ব্যবস্থায় রূপান্তরের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *