
ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজার এলাকায় সড়কের দু’পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৩ মে) দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব ছিলেন, লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
অভিযানে বাজার এলাকার সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে নির্মিত ছোট-বড় দোকান, টিনশেড স্থাপনা, অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো বুলডোজার দিয়ে অপসারণ করা হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর কারণে যান চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছিল। এতে প্রায়ই সৃষ্টি হতো তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।
সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।