চট্টগ্রামে ভবনে অভিযান, ৭০ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণায় জড়িত একটি চক্রের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন।

শুক্রবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি ভবনের অষ্টম তলায় অভিযান চালানো হয়। অভিযানে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিকদের আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ও খুলশী থানা-পুলিশ যৌথভাবে ওই ভবনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৭০ বিদেশি নাগরিককে আটক করার পাশাপাশি ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মুঠোফোনসহ মোট ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

ওসি আবদুর রহিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত পর্যালোচনায় আটক ব্যক্তিদের অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *