
২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে ৯ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের তথ্য উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পর বাংলাদেশ থেকে হজে যাওয়ার চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা অনুযায়ী সৌদি আরবের পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। হজের নিবন্ধন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।