
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভীর দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ মিছিলের বদলে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া হয়েছে মিষ্টি বিতরণের মাধ্যমে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত জেলা শহরের কলেজ মোড় এলাকায় পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা।
কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় কুড়িগ্রামের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সেই আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।
মিষ্টি বিতরণের সময় নেতা-কর্মীরা কলেজ মোড় দিয়ে যাওয়া পথচারী ও রিকশাচালকদের হাতে মিষ্টি তুলে দেন। হঠাৎ মিষ্টি পাওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রিজভীকে অভিনন্দন জানান।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অনেকে বলেন, রুহুল কবির রিজভী কুড়িগ্রামের কৃতী সন্তান। তাঁর নতুন দায়িত্বে জেলার মানুষের মধ্যে আনন্দ তৈরি হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই এ আয়োজন।
এর আগে বৃহস্পতিবার বিএনপির মহাসচিবের পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় পদ ছাড়েন। এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
দলীয় গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী রিজভীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাঁর মনোনয়ন অবিলম্বে কার্যকর হওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।