মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ইউনূসের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি মির্জা ফখরুলের নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন।

অভিনন্দনবার্তায় ইউনূস বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি আশা করেন।

তিনি উল্লেখ করেন, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ঘনিষ্ঠভাবে যুক্ত। সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে আলাদা অবস্থান তৈরি করে দিয়েছে।

ইউনূস আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা রয়েছে তাঁর।

তিনি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এই ফলাফলের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার