
নিজস্ব প্রতিনিধি\ লাকসাম পৌরসভা এলাকার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র দৌলতগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত রোববার (১৬ই আগস্ট) দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক নার্গিস সুলতানা এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালীন সময়ে ফুটপাত অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টির দায়ে একটি কসমেটিক্স দোকানদারকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, দৌলতগঞ্জ বাজারের প্রধান সড়ক ও ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ও হকারদের দখলে থাকায় তীব্র যানজট এবং সাধারণ মানুষের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনস্বার্থে ফুটপাত সম্পূর্ণ সচল ও নিরাপদ রাখতে পৌর প্রশাসন এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করে।
অভিযান শেষে পৌর প্রশাসক নার্গিস সুলতানা জানান, ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়। জনগণকে ভোগান্তিতে ফেলে কোনোভাবেই ফুটপাত দখল করে ব্যবসা করতে দেয়া হবে না। এই অভিযান নিয়মিত চলমান থাকবে এবং পুনরায় ফুটপাত দখল করলে আরো কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
অভিযান চলাকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ পথচারী ও সচেতন নাগরিক মহল।