👁 426 Views

লালমাইয়ে প্রবাসীর স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া দেবরসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

            গত বুধবার (৩রা সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের বারাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিব উল্লাহ স্থানীয়ভাবে একজন পোল্ট্রি ব্যবসায়ী। তিনি বিবাহিত হলেও নিজেকে লালমাই উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয়ে এলাকায় প্রচার চালাচ্ছেন।

            ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ইয়াছমিন আক্তার জানান, শাশুড়ির মৃত্যুর পর তার শ্বশুর দ্বিতীয় বিয়ে করলে পরিবারে দ্ব›দ্ব শুরু হয়। এরই জের ধরে গত ৩রা সেপ্টেম্বর সন্ধ্যায় তার শ্বশুর ও দেবর ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মারধর করে। পরে তিনি বিষয়টি জানাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্বশুর ও দেবর পালিয়ে যায়।

            ইয়াছমিন আরও জানান, এরপর তার মা ও খালাতো ভাই তাকে দেখতে এলে বাড়ির পাশে অপেক্ষমাণ হাবিব উল্লাহ তাদের আটক করে ঘরে নিয়ে যায়। এসময় তার মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ইয়াছমিনের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়। তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্ত হাবিব উল্লাহ প্রায়ই রাতের বেলা তার ঘরের জানালায় টোকা দিত এবং কু-প্রস্তাব দিয়ে মোবাইল নম্বর চাইত। বিষয়টি স্বামীকে জানানোয় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। ঘটনার দিন সন্ধ্যায় শ্বশুরপক্ষের সঙ্গে যোগ দিয়ে ১০-১২ জন লোক নিয়ে তাকে টেনে-হিঁচড়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তিনি বাবার বাড়িতে নিরাপত্তাহীনতায় আছেন।

            এদিকে, সৌদি প্রবাসী স্বামী হাবিবুর রহমান বলেন, ‘আমরা বিদেশে পরিশ্রম করে রেমিটেন্স পাঠাই। অথচ দেশে আমাদের পরিবার নিরাপদ নয়। আমার স্ত্রী ও শিশু সন্তানকে এক কাপড়ে ঘরছাড়া করা হয়েছে। থানায় অভিযোগ করলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

            অভিযুক্ত ছাত্রদল নেতা হাবিব উল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ফাঁসানোর জন্য ওই নারীকে দিয়ে মিথ্যা অভিযোগ করাচ্ছে। তিনি দাবি করেন, অনুমোদিত ছাত্রদল কমিটিতে তার নাম আসা ঠেকাতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে।

            ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান বলেন, ‘৯৯৯-এর কল পেয়ে প্রবাসীর স্ত্রীকে শ্বশুর-দেবরের মারধরের অভিযোগে ঘটনাস্থলে যাই। ভিকটিমকে আইনি পরামর্শ দিয়েছি। তবে আমরা আসার পর যদি তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়, সেটি তিনি আমাদের জানাননি।’

            লালমাই থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ও এক কাপড়ে ঘরছাড়া করার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *