
নিজস্ব প্রতিনিধি॥ ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের আরেকটি টিউমার অপসারণ করেছেন চাঁদপুরের শাহরাস্তির সেই আলোচিত সার্জন ডা. মো. আরিফ উল হাসান।
গত শুক্রবার (৭ই আগস্ট) উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে ৩৬ বছর বয়সী এক নারীর পেটে প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচার করে টিউমারটি অপসারণ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের ওই নারী প্রায় ৩ মাস ধরে পেটে ফোলাভাব ও ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর পেটে বড় আকারের টিউমার শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার বিকেলে অস্ত্রোপচারের সময় পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমারটি অপসারণ করা হয়। অস্ত্রোপচারে ডা. আরিফ উল হাসানকে সহযোগিতা করেন সার্জন ডা. রেজোয়ানা সুলতানা রাখি ও ডা. মোহাম্মদ জিলানী। অ্যানেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. পান্না লাল সাহা।
অস্ত্রোপচারের পর রোগী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ডা. মো. আরিফ উল হাসান বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে টিউমারটি সফলভাবে অপসারণ করা হয়েছে। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল। যদিও এই রোগীর বিভিন্ন কারনে বিভিন্ন সময়ে আগেও পেটে ৪টি অপারেশন করা হয়েছিল, এটি পঞ্চম অপারেশন।
এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে একই হাসপাতালে ৪৫ বছর বয়সী এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের টিউমার অপসারণ করেন ডা. আরিফ উল হাসান। পরে চলতি বছরের জুন মাসে একই হসপিটালে ২২ বছর বয়সী আরেক নারীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমারও অপসারণ করেন তিনি। সর্বশেষ ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের টিউমার অপসারণের ঘটনাটি ওই ধারাবাহিকতায় তৃতীয় বড় অস্ত্রোপচার।
এছাড়া, ২০২৪ সালে এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব অস্ত্রোপচার ছাড়াই বের করার ঘটনাতেও আলোচনায় এসেছিলেন ডা. আরিফ উল হাসান।