শাহরাস্তির সূচীপাড়ায় আবাবিল ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

            ফিরোজ বেপারী\ ‘মাদক নয়, সচেতনতা হোক আগামী প্রজন্মের শক্তি’ এই প্রত্যয় নিয়ে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ। আবাবিল ফাউন্ডেশন ও সচেতন এলাকাবাসীর যৌথ উদ্যোগে গত শুক্রবার (২৬শে জুন) রাতে পশ্চিম সূচিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে।

            সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য এবং আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক শাহ জাবের।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন, আবাবিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান। তিনি সমাজ থেকে মাদক নির্মূলে তরুণদের সচেতন ভূমিকা এবং সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

            এরপর মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসার অধ্যাপক ও আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ফয়েজ আহমেদ। তিনি বলেন, ‘একটি মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সচেতনতার সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।’

            সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

            এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শাহরাস্তি উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জালাল খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর বেপারী, আবাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা বিল­াল হোসেন, আফজাল হোসেন সিকদার, বিশিষ্ট সমাজসেবক সোহরাব হোসেন মজনু এবং মো. জসিম উদ্দিন, আবাবিল ফাউন্ডেশনের  সহসভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,  কোষাধ্যক্ষ রাহিম হোসেন, নাঈম হোসেন, সন্মানিত সদস্য মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

            বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই হতে পারে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর পথ।

            সমাবেশে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সুধীজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দার উপস্থিতি মাদকবিরোধী এই উদ্যোগে নতুন উদ্দীপনা যোগায়। সচেতন নাগরিকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ, নিরাপদ ও আলোকিত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *