👁 133 Views

১১০ ইউএনও এবং ৩৩৮ ওসি বদলির প্রস্তাব অনুমোদন ইসির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয় থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা অনুমোদন করেছেন কমিশন।

৩০ নভেম্বর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। এজন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্যও বলে সংস্থাটি।

 

সেই নির্দেশনার আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠালে এর আগে ৪৭ জন ইউএনওকে বদলির অনুমোদন দেয় ইসি। পরবর্তীতে বুধবার ৬ই ডিসেম্বর ১১০ ইউএনও ও ৩৩৮ ওসি বদলির প্রস্তাব এলে তাও অনুমোদন দিল কমিশন।

নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়ে পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী বদলিযোগ্য ওসিদের তালিকা পাঠিয়েছিলাম। তালিকাটি নির্বাচন কমিশন অনুমোদন করায় এখন সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, সারা দেশে চার শতাধিক ওসি রয়েছেন। তাদের মধ্যে একই থানায় ছয় মাসের বেশি ওসি রয়েছে এমন কর্মকর্তার সংখ্যা তিনশর বেশি।

রেঞ্জভিত্তিক তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা কমিশনে পাঠানো হয়েছে। তারা আরও বলেন, পুলিশে একসঙ্গে বড় ধরনের রদবদল করার প্রস্তাব পাঠানো হয়েছে। এ কারণে ইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী গত ৫ ডিসেম্বর প্রস্তাব পাঠানো সম্ভব হয়নি। যদিও পুলিশ হেডকোয়ার্টার থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। ইসি ৮ ডিসেম্বরের মধ্যে প্রস্তাব পাঠাতে বলেছে। আমরা ৬ ডিসেম্বরের মধ্যেই প্রস্তাব পাঠিয়েছি। তারা আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে একই সঙ্গে এত সংখ্যক ওসি রদবদল করা হয়নি। নির্বাচন কমিশনের চাওয়া অনুযায়ী এবার তা করা হচ্ছে।

গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। নির্বাচনি প্রচার শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে প্রচার শুরুর আগেই বদলির কাজ শেষ করতে চায় সংশ্লিষ্ট দপ্তর।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *