👁 115 Views

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ঘোষণা করেছে হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি খালাস পেয়েছেন। একই সঙ্গে মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার কিছু আগে রায় পড়া শুরু হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় প্রদান করেন।

গত ২১ নভেম্বর মামলার আপিল এবং ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নাম জড়ানো হয়েছে, এবং সঠিক প্রমাণ ছাড়া মামলাটি পরিচালিত হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও ৪০০ জনের বেশি আহত হন।

ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাগুলোর পুনঃতদন্ত শুরু হয় এবং ২০০৮ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২২ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়। পরে আওয়ামী লীগ সরকারের সময়ে অধিকতর তদন্তের পর তারেক রহমানসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা উল্লেখ করেন, দ্বিতীয় অভিযোগপত্র আইনগতভাবে সঠিক নয় এবং যথাযথ প্রমাণের অভাবে মামলাটি দুর্বল। মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছিল বলে দাবি করা হয়। এ কারণে তারা আসামিদের খালাসের আবেদন জানান।

হাইকোর্ট রায়ে এসব যুক্তি বিবেচনায় নিয়ে সকল আসামিকে খালাস দেন এবং অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *