তদবির নয়, সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দেবে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তদবিরের সংস্কৃতি নয়—সরকার সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অনেক তরুণ শুধু ঘুরে ঘুরে চাকরি খুঁজছে, কিন্তু এভাবে চাকরি পাওয়া কঠিন। এজন্য আত্মকর্মসংস্থানের দিকে এগোতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ শুরু করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নে মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, “সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তদবিরের চাপ থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই তা পোস্টিং বা বদলির বিষয় নিয়ে। প্রয়োজনীয় বিষয়গুলো করা যেতে পারে, কিন্তু যদি এসবকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে সমস্যা তৈরি হবে।”

ঠাকুরগাঁও জেলার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *