৫৬ জেলায় হাম ছড়িয়েছে, গভীর উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে এবং ইতোমধ্যে দেশের ৫৬টি জেলায় এই রোগ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি জানিয়েছে, গত দুই বছরে শিশুদের নিয়মিত টিকাদানে ঘাটতির কারণে দেশে ‘ইমিউনিটি গ্যাপ’ তৈরি হয়েছে, যা বর্তমান প্রাদুর্ভাবের প্রধান কারণ। বিশেষ করে দুই বছরের কম বয়সী শিশুরাই বেশি ঝুঁকিতে রয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশের বয়স দুই বছরের নিচে এবং ৩৪ শতাংশের বয়স ৯ মাসেরও কম।

ডব্লিউএইচওর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা গেছে। সংক্রমণ সবচেয়ে বেশি দেখা গেছে ঢাকা বিভাগে, তবে রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগেও সংক্রমণের হার বেশি।

যদিও দেশে আগে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ছিল এবং ২০২৬ সালের মধ্যে হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্য নির্ধারিত ছিল, তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার হঠাৎ বেড়ে গেছে। বর্তমানে প্রতি ১০ লাখ জনসংখ্যায় সংক্রমণের হার প্রায় ১৬ দশমিক ৮, যা দেশব্যাপী বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে—দেশজুড়ে টিকাদান কর্মসূচি জোরদার করা, দ্রুত রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজর দেওয়া।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম শক্তিশালী করা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *