
৭২ কোটি ৭০ লাখ টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনছে সরকার, খরচ কমেছে ২৫ কোটি
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কিনছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে দেশের দর্শকদের জন্য বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ স্বত্ব কেনা হচ্ছে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা, যা ২০২২ সালের বিশ্বকাপের তুলনায় প্রায় ২৫ কোটি টাকা কম।
রোববার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রথমে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদিত হয়। উভয় বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বিটিভিতে বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় সব ধরনের স্বত্ব কেনা হচ্ছে ৩৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে। প্রতি ডলার ১২২ টাকা ৭৭ পয়সা হিসাবে এর মূল্য দাঁড়ায় ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার টাকা। ভ্যাট ও অন্যান্য কর যুক্ত হলে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ টাকা।
এর ফলে কেবল নেটওয়ার্ক বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই দেশের সাধারণ দর্শকরা বিটিভির মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের ২৩তম আয়োজন শুরু হবে ২০২৬ সালের ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।
উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে বিটিভিকে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল। সে সময় ৯৮ কোটি টাকায় স্বত্ব কেনা হয়েছিল, যা বিটিভির কাছে বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।