রাষ্ট্রপতি নির্বাচন সামনে, তফসিল ঘোষণার প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী স্পিকারের সঙ্গে বৈঠকের জন্য সময় চাওয়া হবে।

রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত পরবর্তী কার্যক্রম নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি।

এর আগে একই দিন সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিবকে নিয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও সাংবিধানিক প্রক্রিয়া পর্যালোচনা করা হয়। পরে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে প্রথমে স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল জাতীয় সংসদের সদস্যরাই ভোট দেন। এজন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *