জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা।

শুক্রবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঈদগা মাঠ সংলগ্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত পানি সরবরাহ ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৬৮০ ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি উচ্চ জলাধারের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং নাগরিক সেবার মান উন্নত হবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও আশেকপুর বাইপাস এলাকায় নির্মাণাধীন ওভারহেড পানির ট্যাংকগুলো চালু হলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধা পাবেন। এর ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এসব প্রকল্প।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল পৌরসভার আশেকপুর বাইপাস এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে আরও একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *