
লাকসাম পৌরসভার বিভিন্ন সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই আছে। বিশেষ করে মেইন রোড থেকে ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারের চাঁদপুর রেল গেইট থেকে পৌরসভার মেইন রোড, ব্যাংক রোড, কবুতর বাজার রোড, চাল বাজার রোড, চৌদ্দগ্রাম রোড এবং নোয়াখালী রোডের যানজটে জনজীবনে অবর্ণনীয় ভোগান্তি বিরাজ করছে- কিন্তু এগুলো যেনো দেখার কেউ নেই!

বিশেষ করে লাকসামের মেইন রোড থেকে ব্যাংক রোড (কবুতরের বাজার) এবং চালবাজার রোডে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে আটকে থাকছে মানুষ। চরম ভোগান্তিতে পড়ছেন- সব নারী-পুরুষ বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। এসব সড়কে যানজটের কারণে চলাচলকারীদের পা ফেলার ফাঁক থাকছে না । অথচ, এহেন অবর্ণনীয় যানজট নিরসনে একের পর এক অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। লাকসাম পৌরসভা কিংবা স্থানীয় প্রশাসন যেন নীরব দর্শকের ভূমিকায় থাকছেন।

এ ব্যাপারে লাকসাম থানার ওসিকে ফোন করে এমন ভোগান্তির কথা বলতে চাইলে তিনি যানজটের বিষয়টি লিখিতভাবে জানাতে পরামর্শ দিয়ে লাইন কেটে দিয়েছেন। স্থানীয়দের প্রশ্ন- জনদুর্ভোগের এহেন স্থায়ী চিত্র দেখার ও সমাধানের জন্যে কী প্রশাসনের কেউ নেই!
আজ ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে চাল বাজার ও ব্যাংক রোড থেকে তোলা ছবিতে যানজটের এহেন দৃশ্য। ছবি: শহীদুল্লাহ ভূঁইয়া