
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় ৯৮টি মাদকবিরোধী অভিযানে ২৬৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এসব অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (২৫শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ থেকে পাঠানো একটি প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৯৮টি মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, বিভিন্ন মামলায় আরো ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ‘কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিক নির্দেশনায় জেলার সব থানা এলাকা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দেয়াসহ জেল হাজতে পাঠানো হয়েছে।’