লাকসামে আটক ১২ কিশোর-তরুনকে আদালতে সোপর্দ

              নিজস্ব প্রতিনিধি\ লাকসাম থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার সন্দেহে  অর্ধশত কিশোর ও তরুণকে আটক করেছে। আটককৃতদের যাচাই-বাছাই শেষে গত বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় ১২ জনকে কুমিল্লা জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। আগেরদিন বুধবার (২৩শে সেপ্টেম্বর) রাতে এই বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক হয়।

              লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং উপজেলার কয়েকটি ইউনিয়নে পুলিশের পৃথক টিম এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, রাতের বেলায় পৌরশহরের বিভিন্ন স্থানে আড্ডা দেয়া, মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং বিভিন্ন কার্যকলাপে সন্দেহভাজন এসব কিশোর ও তরুণদের আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই কম বয়সী এবং শিক্ষার্থী। এ ছাড়া মোবাইল ফোনে গেম খেলছিল- এমন কয়েকজনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজনকে কঠোরভাবে সতর্ক করে মুচালিকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

              লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, যাচাই-বাছাই করে দেখা গেছে, আটককৃতদের অধিকাংশই কম বয়সী এবং শিক্ষার্থী। তাদের পরিচয় ও কার্যকলাপ সর্ম্পকে অবহিত হন পুলিশ। এতে তাদের বিরুদ্ধে তেমন কোনো অপরাধমূলক কাজে সম্পৃক্ততা পাওয়া যায়নি।

              ওসি জানান, এই ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ওইসব শিক্ষার্থীদের সন্ধার পর বাইরে অবস্থান না করা এবং আড্ডা না দেয়ার ব্যাপারে ভবিষ্যতের জন্য  কঠোর সতর্ক করা হয়। পরে মুচালিকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে দেয়া হয়। এছাড়া, আটককৃত অপর ১২ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় কুমিল্লা জেলা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *