প্রাথমিক শিক্ষকদের পদায়ন ১১ অক্টোবর, কাল থেকে ওরিয়েন্টেশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পদায়নের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত ৪ অক্টোবরের পরিবর্তে আগামী ১১ অক্টোবর নতুন শিক্ষকদের চূড়ান্ত পদায়ন করা হবে।

তবে পদায়নের সময় পিছিয়ে গেলেও নির্ধারিত সূচি অনুযায়ী ৪ অক্টোবর থেকেই পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন (পরিচিতি) কার্যক্রম শুরু হচ্ছে। এ কর্মসূচি চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওরিয়েন্টেশনে নতুন শিক্ষকদের সরকারি চাকরির বিধিবিধান, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, পেশাগত দায়িত্ব এবং শিক্ষার্থীদের সঙ্গে আচরণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। মোট ২০টি বিষয়ে তাঁদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।

দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিকী জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর শিক্ষকদের পদায়ন হবে। এর আগে ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন কর্মসূচি চলবে।

দীর্ঘ প্রক্রিয়ার পর নিয়োগ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এরপর স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট ও পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ২৪ সেপ্টেম্বর জেলা শিক্ষা কার্যালয়গুলো নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে এবং ১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে প্রার্থীরা নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদানও সম্পন্ন করেন।

তবে ভেরিফিকেশন নিয়ে একপর্যায়ে বেশ কিছু প্রার্থীর নিয়োগ অনিশ্চিত হয়ে পড়ে। এ নিয়ে নিয়োগবঞ্চিত প্রার্থীদের আন্দোলন শুরু হলে পরবর্তী সময়ে তাঁদের অধিকাংশকে নিয়োগপত্র দেওয়া হয়।

এখন ৪ অক্টোবর থেকে ওরিয়েন্টেশন শেষে আগামী ১১ অক্টোবর নতুন শিক্ষকদের চূড়ান্ত পদায়নের মাধ্যমে তাঁদের কর্মস্থলে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *