জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকার মন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেওয়া হবে। সরকারি কাজে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা তুলে ধরলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। তবে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান তিনি।

গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আবদুল মঈন খান বলেন, সরকারের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক। সীমিত সম্পদের মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নত ও মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠা করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অন্যতম দায়িত্ব।

আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমকে শুধু উন্নয়ন প্রকল্পকেন্দ্রিক না করে মাঠপর্যায়ের মানুষের বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

তিনি বিদ্যমান অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ জোরদার, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মীর শাহে আলম বলেন, মাঠপর্যায়ে অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পৃথক তহবিল ও পর্যাপ্ত বরাদ্দ থাকা প্রয়োজন। বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পাশাপাশি ছোট পৌরসভা ও উপজেলায় কম ব্যয়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর কথাও বলেন তিনি।

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *