নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা, শাহাদতের বিচারের দাবিতে বিক্ষোভ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- বিয়ের মাত্র ২০ দিনের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে বিষ মেশানো স্পিড পান করার পর মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন শাহাদৎ হোসেন (২২)। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের নববধূ স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তাঁর বাবা। অন্যদিকে, শাহাদতের মৃত্যুর সুষ্ঠু বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিরামপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

নিহত শাহাদৎ হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার ৬ নম্বর জোতবানী ইউনিয়নের ধনসাডাঙ্গা গ্রামের বাসিন্দা। মামলার আসামিরা হলেন তাঁর স্ত্রী তামান্না (১৯), শ্বশুর কামাল (৪৫), শাশুড়ি সুলতানা (৪২), শ্যালিকা কামরুন্নাহার আশা (২০) এবং হাবিবপুর বাজারের একটি কীটনাশকের দোকানের কর্মচারী মশফিকুর (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। বিয়ের পর ১১ অক্টোবর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আসামিরা পরিকল্পিতভাবে স্পিডের সঙ্গে বিষ মিশিয়ে তাঁকে পান করান বলে এজাহারে অভিযোগ করেছেন নিহতের বাবা জাকেরুল ইসলাম।

এজাহারের বর্ণনা অনুযায়ী, শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্ত্রী তামান্না একটি বোতল থেকে শাহাদৎকে স্পিড পান করতে দেন। পরে বাড়িতে পৌঁছে তিনি বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে প্যারাকোয়াট বিষক্রিয়া শনাক্ত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে তাঁকে ঢাকার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসা দেওয়ার পর আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর সেখানকার আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গত ৪ নভেম্বর নিহতের বাবা জাকেরুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম বলেন, গত ৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় শাহাদতের মৃত্যু হয়েছে। মামলার আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *