হাসিনা ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী

বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম আয়োজিত এ সভায় রিজভী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মানুষকে যুদ্ধে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঘোষণায় অনুপ্রাণিত হয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়।

বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই—সবই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি আন্দোলনের চেতনা পরবর্তী আন্দোলনকে প্রভাবিত করেছে।

তিনি বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই গণতান্ত্রিক চেতনা ২০২৪ সালের জুলাই আন্দোলনকেও প্রভাবিত করেছে।

রিজভীর ভাষ্য, ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা, ৭ নভেম্বরের চেতনা ও জুলাই আন্দোলনের অর্জনের ধারাবাহিকতায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে শুধু সরকার প্রতিষ্ঠা করলেই চলবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাও এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই আন্দোলনের অর্জন ও চেতনা তাঁকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে অনুপ্রাণিত করেছে। সেই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়েই শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনের পতন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *