
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মোটাদাগে বলা যেতে পারে, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় দেওয়া এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হয়।
ড. ইউনূস তাঁর ভাষণে বলেন, ‘আমি সবসময় প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজনের ব্যাপারে গুরুত্ব দিয়ে এসেছি। তবে, যদি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আমাদের সীমিত কিছু সংস্কার করে এবং সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন সম্ভব হতে পারে। অন্যদিকে, যদি নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী প্রত্যাশিত মাত্রার সংস্কার সম্পন্ন করতে হয়, তাহলে আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে। এই বিবেচনায় বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব।