👁 50 Views

ঘোষিত সময়েই নির্বাচন করতে প্রস্তুত ইসি

            ষ্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ।

            তিনি জানান, কমিশন ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। গত সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

            এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হিসেবে ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার উপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, “আমরা ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছি। এসব কাজ সফলভাবে শেষ করা সম্ভব হলে, ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

            প্রধান উপদেষ্টা বলেন, “ভোটার তালিকা হালনাগাদ করা একটি জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ। গত ১৫ বছরে নতুন যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এবার এটি নিশ্চিত করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, নতুন প্রজন্মের ভোটারদের জন্য এবারের নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। “অনেক তরুণ-তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবে। এটি তাদের জন্য স্মরণীয় একটি ঘটনা হয়ে থাকবে,” বলেন তিনি।

            এছাড়া, রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “যদি সীমিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে তা নির্ভুল ও গ্রহণযোগ্য করার জন্য আমাদের সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *