‘আওয়ামী লীগ পালানোর সময় পাইছে, আপনারা তা-ও পাবেন না’

            নিজস্ব প্রতিনিধি॥ অসৎ নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘আমাদের দলের (বিএনপি) ক্যাডাররা, সাবধানে থাইকেন। আওয়ামী লীগের মতো কর্মকাণ্ড করলে তারা পালানোর সময় পাইছে; আপনারা তা-ও পাবেন না।’

            গত শনিবার (২৮শে ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত জামুয়া উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আমার নেতাকর্মীরা কে কী করেন, আমার কাছে সব রিপোর্ট আসে। যদি কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাই তাহলে ঢাকা থেকে চিঠি দিয়ে বহিষ্কার করিয়ে দেব।’ তিনি বলেন, ‘আমার খারাপ লাগে যখন দেখি আইজিপি সাহেবকে বেঁধে নিয়ে যায়। এটা দেখে খুশি হওয়ার দরকার নেই। এটা থেকে শিক্ষা নিতে হবে।’

            সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পর্কে মনিরুল হক চৌধুরী বলেন, ‘লোটাস কামালের মতো বিরাট নেতা, যার বাড়িতে কোটি কোটি টাকা ছিল, টাকা ছাড়া যিনি কিছুই বুঝতেন না। এখন টাকা কোথায় জানি না, তবে উনি দেশে নাই। এই টাকার মূল্য কী? এখন তো ৭ দিনেও ১ পোয়া চালের ভাত খান না, ডিম মুখে দিলে থাকে না, জাউ খেলে অর্ধেক দাঁতে লেগে থাকে, লাভটা কী? হারামের টাকার বরকত নাই, আর উনার জীবনে হারাম ছাড়া কিছু নাই।’

            স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা সামছুল হক মজুমদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালমাই উপজেলা বিএনপি নেতা ইউছুফ আলী মীর পিন্টু ও ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *