চান্দিনায় অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনা পৌর সদরে কলাপসিবল গেটের তালা ভেঙে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লুটে নেয় ডাকাত দল।

              গত বুধবার (৮ই জুলাই) রাত ২টায় চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং দক্ষিণপাড়া এলাকার প্রবাসী পিয়াস ও কামরুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। একই রাতে চান্দিনা-রামমোহন সড়কের হারং উদালিয়ায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে ডাকাত দল।

              গৃহকর্তা ছফিউল্লাহ জানান, আমার দুই ছেলে প্রবাসে থাকে। ঘরে আমি, আমার স্ত্রী ও পুত্রবধূসহ ৪ জন ছিলাম। রাত অনুমান ২টায় দরজার আওয়াজ শুনে ঘুম ভাঙতেই দেখি অস্ত্র হাতে মুখোশ পরা ৬-৭ জনের ডাকাত দল আমার ঘরে। এ সময় ডাকাতরা আমাদের বেঁধে ঘরের স্টিলের আলমারি, ওয়াড্রপ ভেঙে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। রাত অনুমান ৩টার দিকে ডাকাত দল বের হয়ে গেলে আমরা পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করি। থানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে আমার বাড়িতে পুলিশ আসে ভোর সাড়ে ৪টায়!

              চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, থানা থেকে আমার কাছে ফোন আসে সোয়া ৪টায়। তার মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই আমি ঘটনাস্থলে যাই। আমরা গৃহকর্তাকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।

              এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান বলেন, ডাকাতির বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এ ছাড়া সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার ঘটিনাটি আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *