রাষ্ট্রপতি নির্বাচন ২০শে আগস্ট

              ষ্টাফ রিপোর্টার॥ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০শে আগস্ট।

              গত বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এসময় তিনি নির্বাচনের বিস্তারিত দিনক্ষণ সাংবাদিকদের জানান।

              ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ই আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ই আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ই আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০শে আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

              এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার বৈঠক করেন। এসময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। তবে অন্য ২ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি।

              ইসি সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে একই ব্যক্তির নামে দু’টি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার বিধান আছে। কারণ, একটি মনোনয়নপত্রে কোনো ভুল-ত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেয়া যায়। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচনের সময়ও এমনটা করা হয়েছিল।

              রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সচরাচর ক্ষমতাসীন দলের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন। বিরোধী দল সাধারণত এ পদে প্রার্থী দেয় না। তাই ভোটাভুটির দরকার হয় না। তবে এবার জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

              নির্বাচন কমিশন জানিয়েছে, শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে ২০শে আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

              উল্লেখ্য, গত ২৪শে জুলাই বিকাল ৪টার দিকে ‘স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম প্রেসিডেন্ট। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন তিনি। ‘প্রেসিডেন্টের পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন প্রেসিডেন্টের অফিসিয়াল প্যাডে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ হতে পদত্যাগ করছেন বলে জানান সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এতে প্রেসিডেন্ট পদঠি শূণ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *