কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ শীর্ষ নেতাসহ ৫ দফা অভিযানে ২,০৩৫ জন গ্রেফতার

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’-এর চার শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

              গ্রেফতারকৃতরা হলেন- ‘র’ গ্যাংয়ের মূলহোতা ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘ক্রাইম সেটাপ’ গ্যাংয়ের শীর্ষ নেতা মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)। গত শনিবার এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

              পুলিশ জানায়, সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। রতনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্যদিকে সাব্বির ও নবীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। ২০২২ সালে কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের দু’গ্রæপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত শাহাদাত হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।

              জেলা পুলিশ সূত্র জানায়, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গত ১০ দিন ধরে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চলছে। পাঁচ দফার অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে।

              অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, রতনের বিরুদ্ধে শাহাদাত হত্যা মামলাসহ অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। ২০২২ সালে মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রæপ’ ও ‘রতন গ্রæপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শাহাদাত নিহত হন। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।

              তিনি আরো জানান, পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে কিশোর গ্যাংয়ের অনেক সদস্য আত্মগোপনে চলে গেলেও তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *