
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মনিয়ন্দ, কসবা, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, বাজি, কুইচ্ছা মাছ, গরু, গাঁজা, মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির তথ্যমতে জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।