
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে দাবি আদায় না হলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি এবং সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানুষের নিরাপত্তাহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি সংকটের দায় সংশ্লিষ্ট মন্ত্রীদের নিতে হবে। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে সংবিধান সংশোধনের কাজে বেশি ব্যস্ত রয়েছেন।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই তাঁদের পদত্যাগ করা উচিত। অন্যথায় এনসিপি দেশজুড়ে বিক্ষোভ করবে এবং সেই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীকে ঘেরাও করে দাবি আদায়ের চেষ্টা করা হবে।
সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব বেড়েছে। তাঁর দাবি, সরকার দেশ পরিচালনায় কার্যকর পরিকল্পনা দেখাতে পারছে না।
তিনি বলেন, একটি স্বৈরাচারী শাসনের অবসানের পর দেশে আবার নতুন স্বৈরাচারী প্রবণতার উত্থান দেখা যাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে পুরোনো ও নতুন—উভয় ধরনের স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় তরুণ সমাজ ও জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
ভারত নীতি ও গঙ্গা চুক্তি নিয়ে প্রশ্ন
বাংলাদেশের স্বার্থ রক্ষায় বর্তমান সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, জাপান সফরে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে করিডর দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কোনো উদ্যোগ দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
সীমান্ত হত্যা, পাহাড়ে অস্থিরতা এবং ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ও বক্তব্যে তুলে ধরেন নাহিদ। একই সঙ্গে আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি নতুন করে ন্যায্যতার ভিত্তিতে করার দাবি জানান তিনি। বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।
জ্বালানির দাম নিয়ে প্রশ্ন আখতার হোসেনের
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন জ্বালানির মূল্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কলকাতায় এলপিজির দাম যেখানে প্রায় এক হাজার টাকা, সেখানে বাংলাদেশে একই গ্যাস কিনতে হচ্ছে প্রায় আড়াই হাজার টাকায়। এ পার্থক্যের কারণ জ্বালানিমন্ত্রীকে ব্যাখ্যা করতে হবে।
এ ছাড়া গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শাহবাগে এনসিপির বড় জমায়েত
এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দলটির সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ নেতারা এবং সংসদ সদস্যরা। কর্মসূচিতে সরকারের বিভিন্ন নীতির সমালোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসনের দাবি জানানো হয়।