
ষ্টাফ রিপোর্টার\ বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ বলেছেন, অপসাংবাদিকতা রোধ ও পেশাদারি নিশ্চিত করতে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের জন্য নিবন্ধনব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নির্ধারণ করা হবে।
গত রোববার গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এতে গাজীপুরে কর্মরত প্রায় ৮০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। কর্মশালায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবাশীষ রঞ্জন সরকার।