নদীদূষণ রোধে আর অবহেলা নয়, দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বুড়িগঙ্গাসহ রাজধানীর নদীগুলো রক্ষায় আন্তঃসংস্থা কমিটি গঠন, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর ভয়াবহ দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নদীদূষণ এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে, যেখানে এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন’ শীর্ষক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানীসংলগ্ন অন্যান্য নদীর দূষণ মোকাবিলায় দ্রুত একটি সমন্বিত ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।

সভায় নদীদূষণের প্রধান কারণ হিসেবে শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, খালের নাব্যতা কমে যাওয়া এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতাকে চিহ্নিত করা হয়।

এসব সমস্যা সমাধানে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বর্জ্য শোধনাগার (ইটিপি) কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বিদ্যমান পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়। পরিবেশবাদী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে নদী রক্ষার কার্যক্রমে সম্পৃক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রাজধানীর নদীগুলো রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কার্যক্রম সমন্বয় করবে এবং নির্দিষ্ট সময় পরপর অগ্রগতি মূল্যায়ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দেবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ এলাকার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *