
লালমাই থেকে সংবাদদাতা॥ লালমাই মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিউব্লিউবি) প্রকল্পের ২০২৫-২০২৭ চক্রের উপকারভোগী নারীদের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি ও চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ই আগস্ট) লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে উপকারভোগী নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা, আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ততা এবং আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব মাকসুদুর রহমান এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
প্রশিক্ষণের আয়োজন করেছে চর ও জনতা উন্নয়ন সংস্থা (সিজেইউএস)। কর্মসূচিটি বাস্তবায়ন করছে লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগী নারীরা দক্ষতা অর্জনের পাশাপাশি আয়বর্ধক কর্মকান্ডে যুক্ত হয়ে নিজেদের ও পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।