👁 247 Views

শিগগিরই পাস হচ্ছে সাইবার সুরক্ষা আইনঃ নিষিদ্ধ হচ্ছে অনলাইন জুয়া

            ষ্টাফ রিপোর্টার\ শিগগিরই বহুল প্রতীক্ষিত সাইবার সুরক্ষা আইন পাস হতে যাচ্ছে, যেখানে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে এসবের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

            সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

            তিনি বলেন, নতুন আইনটি পাস হওয়ার পরপরই অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে, এ ধরনের বেটিং ওয়েবসাইটগুলোও বন্ধ করে দেয়া হবে।

            মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী কোম্পানিগুলোর অনলাইন জুয়ার সঙ্গে কোনো যোগসাজশ আছে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

            সাম্প্রতিক সময়ে বিকাশ, রকেটের মতো এমএফএসগুলোর বিরুদ্ধে অনলাইন জুয়া, ক্রিপ্টো কারেন্সি ও ই-কমার্স এমএলএমের নামে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। নতুন সাইবার আইন কার্যকর হওয়ার পর এসব অভিযোগ তদন্ত করে দেখা হবে।

            ফয়েজ আহমদ মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, অনেক অনলাইন জুয়া কোম্পানিই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে এবং এমএফএস/ পিএসও /পিএসপির সঙ্গে যুক্ত রয়েছে।

            তিনি জানান, গত কয়েক মাস ধরে কিছু নির্দিষ্ট মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন লক্ষ্য করা যাচ্ছে। যেখানে একটি নির্দিষ্ট পুল থেকে টাকা গিয়ে কয়েকটি নির্দিষ্ট নম্বরে ক্যাশআউট হয়ে বাইরে পাচার হচ্ছে। এ ধরনের কার্যকলাপ দেখেও না দেখার ভান করলে তা মেনে নেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

            একইসঙ্গে অবৈধ জুয়ার সাথে জড়িত সবাইকে সাবধান করে দিয়ে তিনি বলেন, নতুন সাইবার আইনের আওতায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *