প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক: নির্বাচন নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে আলোচনা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিন বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা সামরিক বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, “গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, সে বিষয়ে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। নির্বাচনের সময় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।

বৈঠকের শেষ পর্যায়ে আসন্ন ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধানরা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *