তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়: ইসি সচিব

২৭৭ Views

নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি চলমান থাকলেও নির্বাচনী তফসিল কবে ঘোষণা করা হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের একটি কর্মশালায় এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছিল ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। এ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।

আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় বৈঠক করে কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা মিটিং করছি।’
তফসিল ঘোষণার বিষয়ে তিনি জানান, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার নির্দিষ্ট দিন ঠিক করতে পারেনি।’ তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসি সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেন তিনি।

নির্বাচন নিয়ে ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে সচিব বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো, সঠিক তথ্য দিন…নিশ্চয়ই নির্বাচনকে ঘিরে জোর প্রস্তুতি চলছে।’

কর্মশালায় সাংবাদিকদের উদ্দেশে তিনি ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’, ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮’ এবং ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’-এর পরিচিতিমূলক আলোচনায় অংশ নেন। কর্মশালার আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

সকালে কর্মশালার আরেক অধিবেশনে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচনী অপরাধ ও আইনগত বিষয় নিয়ে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *