
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে।
তিনি বলেন, “কিছু নেতা মানুষকে বেহেশতে নেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। ইনশাআল্লাহ, আমরা আমাদের কাজের মাধ্যমেই সেই মর্যাদা অর্জন করতে চাই।”
সোমবার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশে খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। বর্তমানে তাঁরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি পুনরায় চালু করে কৃষি উন্নয়নের পথকে আরও শক্তিশালী করছেন।
তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় কৃষকদের সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। জিয়াউর রহমানের উদ্যোগের পর বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ২৫ বিঘা জমির খাজনা মাফসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্বল্প সময়েই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি খাল খননের মাধ্যমে কৃষকদের পানি সংকটের প্রাকৃতিক সমাধান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “আল্লাহর ওয়াস্তে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি যেন না হয়।”
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।