
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসসির সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটে—চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।
পিএসসির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. নাজমুজ্জামান ভূঁইয়া সরকারি নিয়োগ ব্যবস্থাপনা ও জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বে এলেন।